আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই শনিবার পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে এক বিশাল জনসভায় যোগ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। সভাস্থল জুড়ে ছিল জনস্রোত, সাধারণ মানুষের উচ্ছ্বাস ও উৎসাহ চোখে পড়ার মতো।
সভামঞ্চে উঠে বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা ও জনবিরোধী নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলার মানুষের অধিকার খর্বের চেষ্টা হলে তার জবাব ব্যালট বাক্সেই দেওয়া হবে। বিশেষ করে রাজ্যের মা-বোনেদের ভূমিকার উপর জোর দিয়ে তিনি জানান, ভোটই হবে উপযুক্ত প্রতিক্রিয়া।
তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীকে ‘ঘরের ছেলে’ আখ্যা দিয়ে পান্ডুয়ার মানুষের কাছে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, Mamata Banerjee-র নেতৃত্বে গত ১৫ বছরে যে পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছেছে, তার সুফল প্রত্যেক পরিবার পাচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সমীর চক্রবর্তীর জয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন প্রার্থী সমীর চক্রবর্তী-সহ জেলা ও ব্লক স্তরের একাধিক তৃণমূল নেতা-কর্মী। বক্তব্য রাখতে গিয়ে সমীর চক্রবর্তী বলেন, দলের শীর্ষ নেতৃত্ব তাঁর ওপর যে আস্থা রেখেছে, তা তিনি সম্মানের সঙ্গে রক্ষা করবেন। তিনি আশ্বাস দেন, সুখে-দুঃখে সবসময় পান্ডুয়ার মানুষের পাশে থাকবেন।
উল্লেখ্য, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই পান্ডুয়ায় জোরকদমে প্রচার চালাচ্ছেন সমীর চক্রবর্তী। এর আগে সিমলাগড় কালীমন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। শনিবারের এই জনসভা তৃণমূল শিবিরের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

