কোতুলপুরে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে মাতৃ-বোনেদের সম্মান যাত্রার আয়োজন করল বিজেপি মহিলা মোর্চা। শুক্রবার বিকেলে কোতুলপুরে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে অন্নপূর্ণা যোজনা উপভোক্তাদের নিয়ে মাতৃ- বোনেদের সম্মান যাত্রার আয়োজন করা হয়। এই মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস বোস, কোতুলপুর বিধানসভার বিধায়ক লক্ষীকান্ত মজুমদার, কোতুলপুরের মহিলা মোর্চার নেত্রী আশা পাল। সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষীকান্ত মজুমদার বলেন, অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা আজ মিছিল করে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি মঞ্চ থেকে সিপিএমকে তীব্র আক্রমণ করেন লক্ষীকান্ত মজুমদার। তিনি মঞ্চ থেকে তীব্র আক্রমণ করে বলেন, এই সুযোগে কিছু বামপন্থী মানুষ আমরা দোকানটাকে এখন খুলে বসবো। সেই দোকানটাকে খোলার জন্য মরিয়া হয়ে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে কী ঘটনা ঘটাচ্ছে।তিনি আরও বলেন, যে সমস্ত বামপন্থী মানুষ আছে, তারা একটাও দেশপ্রেমিক মানুষ নয়, তারা রাষ্ট্রবাদী মানুষ নয়। তারা চায় না দেশের ভালো হোক। তারা চীনের দালাল,তারা চীনকে চাই, পাকিস্তানের দালালি করতে চাই, সোভিয়েত রাশিয়ার দালালি করতে চাই। তারা বাইরে থেকে বিদেশি ফান্ডিং নিয়ে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে,কিছু মানুষকে লেলিয়ে, ছাত্রদের খেপিয়ে এই জায়গায় অস্থিরতা তৈরি করার মরিয়া চেষ্টা করছে। সিপিএমকে সুবিধাবাদী বলে কটাক্ষ করে তিনি বলেন, সিপিএম কবে সুবিধাবাদী ছিল না? সুবিধা ছিল বলেই তো ভারতবর্ষের বুকে চীনের দালালি করেছে,সোভিয়েত রাশিয়ার দালালি করেছে। টুকরো টুকরো গ্যাং এখনও তৈরি করছে। বিদেশি ফান্ডিং নিয়ে ভারতবর্ষের বুকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। যাদবপুর ইউনিভার্সিটি তাদের আখড়া হয়ে আছে। যুব সমাজকে সতর্ক করে তিনি বলেন যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে যদি বিপথে চালিত করে তাহলে আগামী দিন বিপথে চালিত হবে। তাঁর আরও সংযোজন,যে দলটা কোনওদিন পতাকা উত্তোলন করত না, যে দলটা কালীপুজোকে ঘৃণা করত, যে দলটা বলত নেতাজি হল তোজোর কুকুর, রবীন্দ্রনাথ হল বুর্জোয়া কবি, তারা আজ ছবি টাঙাচ্ছে। যারা জাতীয় পতাকা তুলত না,তারা আজ জাতীয় পতাকা তুলছে। তাহলে তাদের মধ্যে কতটা দেশাত্মবোধ ছিল,এখন আছে সেটা ভাবতে হবে।

