গঙ্গা ও ফুলহর নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার জলে প্লাবিত হয়েছে মালদহের রতুয়া-১ ব্লকের কাটাহা দিয়ারা এলাকা। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও যাতায়াতের পথ জলের তলায় চলে যাওয়ায় বাধ্য হয়ে নৌকায় যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।
বন্যার জেরে নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াত থেকে শুরু করে পড়ুয়াদের স্কুলে যাওয়া—সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা। জল বাড়তে থাকায় আতঙ্কও তৈরি হয়েছে দুর্গত মানুষের মধ্যে।
এই পরিস্থিতিতে এলাকায় পৌঁছে গঙ্গা ও ফুলহর নদীর বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন বিধায়ক সমর মুখার্জি। তিনি বন্যাকবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।
নদীর জলস্তর ও প্লাবিত এলাকার পরিস্থিতির উপর নজর রেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠেছে। দুর্গত মানুষের পাশে প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

