বালুরঘাট, ২২ এপ্রিল:* রাত পোহালেই প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজ ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের চূড়ান্ত প্রস্তুতি চলছে।
জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, জেলার ছয়টি বিধানসভার জন্য দুটি ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে। তপন, কুমারগঞ্জ, বালুরঘাট ও গঙ্গারামপুর বিধানসভার ডিসিআরসি করা হয়েছে বালুরঘাট কলেজে। কুশমন্ডি ও হরিরামপুর বিধানসভার ডিসিআরসি করা হয়েছে বুনিয়াদপুর কলেজে।
এবারে জেলার মোট ভোটার সংখ্যা প্রায় ১১ লক্ষ ৬০ হাজার। মোট বুথের সংখ্যা ১,৩৯৮টি। এর মধ্যে অক্সিলারি বুথ রয়েছে ৫৫টি।
ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় মোতায়েন করা হয়েছে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও জেলার প্রায় ২ হাজার পুলিশকর্মী ভোটের কাজে যুক্ত রয়েছেন। ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় সাড়ে সাত হাজার ভোট কর্মী নিয়োগ করা হয়েছে।
বুধবার সকাল থেকেই বালুরঘাট কলেজ ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীরা নিজেদের ভোট সরঞ্জাম, ইভিএম-ভিভিপ্যাট মেশিন-সহ প্রয়োজনীয় কিট বুঝে নিচ্ছেন। কিট নেওয়ার পর নির্ধারিত বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি বুথে ওয়েব কাস্টিং, মাইক্রো অবজারভার এবং সেক্টর অফিসার মোতায়েন থাকছে।

