শিলিগুড়ি : মেঘালয় থেকে কেরালা যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে রেল পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার দুই বাংলাদেশি মহিলা। বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করার অভিযোগ। ধৃতদের নাম, রাবিয়া আক্তার ও শিউলি আক্তার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনই বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা। বেঙ্গালুরুমুখী একটি ট্রেনের জেনারেল কামরায় যাত্রা করছিলেন ওই দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির SOG এবং এনজেপি জিআরপি যৌথভাবে অভিযান চালায়। সেই অভিযানেই তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় ভারতে প্রবেশের বৈধ নথি চাওয়া হলে তাঁরা কোনও নথি দেখাতে পারেনি। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, ভারতে প্রবেশের পর তাঁদের গন্তব্য ছিল কেরালা। তবে কিভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন এবং এই যাত্রার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

